রেডিও তেহরানের বরাত দিয়ে বার্তা সংস্থা আবনার রিপোর্ট : ইরাকের মধ্যাঞ্চলীয় তিকরিত শহরের একটি মসজিদ ও একটি হাসপাতালে পৃথক দুই বোমা হামলার ঘটনায় ২৪ জন নিহত ও অপর ৭৫ জন আহত হয়েছে।
শুক্রবার জুমার নামাজের সময় তিকরিতের একটি মসজিদের প্রবেশপথে আগে থেকে পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়। মসজিদটিতে প্রাদেশিক পরিষদের কর্মকর্তারা নিয়মিত নামাজ আদায় করেন। শুক্রবারের বিস্ফোরণে প্রাদেশিক পরিষদের দুই সদস্য, একজন পদস্থ পুলিশ কর্মকর্তা ও একজন বিচারকসহ ১৯ জন নিহত ও ৭২ জন আহত হয়। ওই ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করার পর সেখানে দ্বিতীয় বোমা হামলা চালানো হয়। একজন সংসদ সদস্য যখন আহতদের পরিদর্শন করতে হাসপাতালে যান,তখন সেখানে আত্মঘাতী বোমা হামলা চালানো হয় বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে। এ হামলায় ওই সংসদ সদস্য প্রাণে বেঁচে গেলেও তার দুই দেহরক্ষীসহ পাঁচজন নিহত ও তিনজন আহত হয়।#